সরকারি রেটে জিলাপি বিক্রেতা তাজু ভাইয়ের ফেসবুক পেজ হঠাৎ অদৃশ্য
স্যোশাল মিডিয়ার কল্যাণে হঠাৎ করেই আলোচনায় আসেন কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু। 'সরকারি রেটে জিলাপি বিক্রি' এই ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে তিনি দ্রুত ভাইরাল হন। কিন্তু রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে তার ফেসবুক পেজ 'তাজু ভাই ২.০' হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পেজটি ফেসবুকে অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রযুক্তিগত সমস্যা নাকি মেটার যাচাই?
তাইজুল ইসলামের সহযোগী শাহআলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই পেজটি পুনরায় চালু হবে। অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, 'অল্প সময়ে পেজটিতে বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে থাকতে পারে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।'
কীভাবে ভাইরাল হলেন তাজু?
জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হয়ে ওঠেন তাইজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে 'সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে' শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিন্নধর্মী উপস্থাপনা ও কথাবলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।
প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়। ভাইরাল হওয়ার পর থেকে তাইজুলের বাড়ি যেন এক অস্থায়ী স্টুডিওতে পরিণত হয়েছে।
ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে স্বাভাবিক জীবন
বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা, এমনকি কিছু স্বঘোষিত সাংবাদিক প্রতিদিন বাড়িটিতে ভিড় করছেন। কেউ কেউ টাকা দিয়ে নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন, কেউ আবার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এই ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে তাইজুলের স্বাভাবিক জীবনযাপন।
হঠাৎ করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন। এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে তাজুর মতো সাধারণ মানুষের আকস্মিক জনপ্রিয়তা ও তার পরিণতি নিয়ে প্রশ্ন উঠছে। পেজটি ফিরে আসবে কিনা, তা এখনও অনিশ্চিত। তবে নেটিজেনরা আশা করছেন, দ্রুত সমাধান হবে এবং তাজু আবারও তার অনন্য কনটেন্ট দিয়ে সামাজিক মাধ্যমকে সমৃদ্ধ করবেন।



