স্পেসএক্সের এআই যন্ত্র তৈরির গুজব নাকচ করলেন ইলন মাস্ক
স্পেসএক্সের এআই যন্ত্র তৈরির গুজব নাকচ মাস্কের

স্পেসএক্স গোপনে একটি বহনযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) যন্ত্র তৈরি করছে—এমন দাবি করে প্রকাশিত একটি প্রতিবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘সম্পূর্ণ মিথ্যা’।

প্রতিবেদনের দাবি ও মাস্কের প্রতিক্রিয়া

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, স্পেসএক্স নতুন ধরনের একটি এআই যন্ত্রের প্রাথমিক সংস্করণ তৈরি করেছে এবং সম্ভাব্য প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) আগে নির্বাচিত কয়েকজন প্রভাবশালী বিনিয়োগকারীর কাছে সেটির প্রদর্শনীও করেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যন্ত্রটি নিজস্ব অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান এক্সএআইয়ের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। দাবি করা হয়, যন্ত্রটি হবে বর্তমান আইফোনের চেয়েও পাতলা এবং এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার যোগাযোগের ধরনে পরিবর্তন আনতে এবং এক্সএআইয়ের চ্যাটবট ব্যবহারের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এ যন্ত্রের ধারণা নিয়ে কাজ চলছে। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদনের সূত্রে আরও বলা হয়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরনির্ভর বিতরণব্যবস্থার সীমাবদ্ধতা এড়িয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি পৌঁছানোর কৌশলের অংশ হিসেবে প্রকল্পটির ধারণা বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফোন তৈরির গুঞ্জন নতুন নয়

তবে ফোনসদৃশ কোনো এআই যন্ত্র তৈরির গুঞ্জন নতুন নয়। ‘স্টারলিংক ফোন’ ও ‘টেসলা পাই ফোন’ নিয়ে কয়েক বছর ধরেই প্রযুক্তি বিশ্বে নানা জল্পনা চলছে; কিন্তু স্মার্টফোন তৈরির বিষয়ে নিজের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছেন ইলন মাস্ক। গত বছরের অক্টোবরে এক সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন, ‘ফোন তৈরির চিন্তাই আমাকে বিরক্ত করে। তবে প্রয়োজন হলে আমরা ফোনও তৈরি করব।’

এর আগে চলতি বছরের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, স্টারলিংক উপগ্রহের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম একটি ফোন তৈরি করছে স্পেসএক্স। সে সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক স্পষ্ট ভাষায় লিখেছিলেন, ‘আমরা কোনো ফোন তৈরি করছি না।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া