গুগল আই/ও ২০২৬ শুরু ১৯ মে, ভুলবশত কসমো অ্যাপ প্রকাশ
গুগল আই/ও ২০২৬ শুরু ১৯ মে, কসমো অ্যাপ ভুলবশত প্রকাশ

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হচ্ছে ১৯ মে। দুই দিনের এই সম্মেলনে জেমিনি, অ্যান্ড্রয়েড, ক্রোমসহ গুগলের বিভিন্ন পণ্য ও সেবার হালনাগাদ আনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা প্রদর্শন করবে গুগল।

কসমো অ্যাপ ভুলবশত প্রকাশ

তবে প্রযুক্তি বিশ্বে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই গুগলের নতুন এআই সহকারী অ্যাপ ‘কসমো’ ভুলবশত প্রকাশ্যে চলে এসেছে। ১ মে অল্প সময়ের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরে দেখা গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেওয়া হয়। অ্যাপটির বিবরণে একে অ্যান্ড্রয়েডচালিত যন্ত্রের জন্য ‘পরীক্ষামূলক এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

অ্যাপের বৈশিষ্ট্য

প্রায় ১ দশমিক ১৩ গিগাবাইট আকারের কসমো অ্যাপে পূর্ণাঙ্গ ‘জেমিনি ন্যানো’ মডেল যুক্ত ছিল এবং এটি ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে সক্ষম। অ্যাপটির সেটিংসে তিন ধরনের ব্যবহারপদ্ধতির উল্লেখ পাওয়া গেছে। ‘ন্যানো-ওনলি’ মোডে সম্পূর্ণ অফলাইনে কাজ করা যাবে। অন্যদিকে অ্যাপটিতে সার্ভারনির্ভর ও একটি হাইব্রিড পদ্ধতি রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাথমিকভাবে জানা গেছে, কসমো অ্যাপটিতে গুগলের এমন ১৪টি সুবিধা যুক্ত ছিল যেগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বাজারে আনেনি প্রতিষ্ঠানটি। তবে সব সুবিধা ডিফল্টভাবে চালু ছিল না। এ তালিকায় রয়েছে লিস্ট ট্র্যাকার, ক্যালেন্ডার ইভেন্ট সাজেস্টার এবং গুগলের নিজস্ব ওয়েব অটোমেশন টুল ‘মেরিনার’ দ্বারা পরিচালিত ব্রাউজার এজেন্ট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিপ রিসার্চ মোড

জটিল সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাপটিতে ‘ডিপ রিসার্চ’ মোড রাখা হয়েছে, যা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করবে। প্রযুক্তিবিষয়ক পোর্টাল ‘নাইন টু ফাইভ গুগল’ জানিয়েছে, স্ক্রিন অ্যাক্সেস করার জন্য অ্যাপটি অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সার্ভিস এপিআই ব্যবহার করছে যা অত্যন্ত শক্তিশালী একটি ফিচার। তবে পরীক্ষার সময় ফিচারটি পুরোপুরি কার্যকর ছিল না। এর পাশাপাশি এতে ভয়েস ম্যাচ সেটআপের সুবিধাও ছিল।

ভুল প্রকাশের ইঙ্গিত

প্লে স্টোরে অ্যাপ লিস্টিংয়ের ধরন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কসমো অ্যাপটিকে ভুল করেই প্রকাশ করা হয়েছে। অ্যাপটির স্ক্রিনশটগুলো সঠিক মাপে ছিল না এবং পিক্সেল ফোনেও এটি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া