আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অত্যাধুনিক এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান
এআই সুপারকম্পিউটিং ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন।
গুরুত্বপূর্ণ বক্তব্য
ড. হাসানুল এ হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
ল্যাবের সক্ষমতা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অত্যাধুনিক ল্যাবে এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে; যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রক্রিয়াকরণে সক্ষম। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা বৃহৎ পরিসরের এআই মডেল; যেমন- লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ফলে শিক্ষার্থীদের এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন সহজ হবে।
সোভরেইন এআই উন্নয়ন
এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সোভরেইন এআই’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে; যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি এবং বস্ত্রশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে গবেষণায় এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
এ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে এআইইউবি দেশের এআই গবেষণা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা, এআই উন্নয়নকে উৎসাহিত করা এবং বিশ্বমানের কম্পিউটেশনাল সুবিধার মাধ্যমে ভবিষ্যৎ উদ্ভাবকদের সক্ষম করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন– বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও ছিলেন– বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, রেজিস্ট্রার, পরিচালকরা ও বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।



