অনলাইনে সহজে বেশি লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন— মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) ও মো. শাকিল রানা (৩০)।
অভিযানের সময় ও স্থান
মঙ্গলবার (৩০ জুন) ও বুধবার (১ জুলাই) গাজীপুর ও জামালপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি নিয়াজ মেহেদী বলেন, “বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। যা ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত করে।”
প্রতারণার কৌশল
তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করছে। প্রতারণার উদ্দেশ্যে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে আসছিল।
ভুয়া প্ল্যাটফর্ম তৈরি
প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো। এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে উল্লেখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতেন। পরে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হতো।
গ্রেফতার অভিযানের বিস্তারিত
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এরপর গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে গাজীপুরের আশুলিয়ার জিরানী বাজার থেকে দুজন এবং একই দিন রাতে জামালপুরের সরিষাবাড়ীর পিংনা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে বুধবার (১ জুলাই) ভোরে গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়া পাড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।



