উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা: তানভির রহমান সভাপতি
উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা: তানভির রহমান সভাপতি নির্বাচিত

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয় ১৭ জানুয়ারি। এরপর ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম আনুষ্ঠানিক সভায় নতুন নেতৃত্ব ও পদবি নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে।

নতুন কমিটির নেতৃত্ব ও সদস্যবৃন্দ

নতুন ঘোষিত কার্যনির্বাহী কমিটিতে তানভির রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল হোসেন। অন্যান্য সদস্যরা হলেন—মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।

সংগঠনের ইতিহাস ও লক্ষ্য

বাংলাদেশে উইকিপিডিয়ানদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি এক দশকেরও বেশি সময় ধরে অনলাইনে বাংলা জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে কাজ করছে। ২০১১ সালের ৩ অক্টোবর বিশ্বব্যাপী ৩৯তম চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ২০১৪ সালের ৯ জুন এটি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী দেশে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি তরুণদের ডিজিটাল স্বেচ্ছাসেবায় যুক্ত করছে।

নতুন কমিটি বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়ন, মুক্ত জ্ঞানের প্রসার এবং নতুন স্বেচ্ছাসেবক তৈরিতে কাজ করবে বলে জানিয়েছে। সংগঠনটির দর্শন হলো—পৃথিবীর প্রতিটি মানুষ যেন মানবতার সমগ্র জ্ঞানের অংশীদার হতে পারে। শিক্ষা ও জ্ঞানপ্রাপ্তিকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে উন্মুক্ত জ্ঞানচর্চা বিস্তারে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে নতুন নেতৃত্ব।