গাজীপুরের টঙ্গী থানার আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে অনলাইনে বিক্রির উদ্দেশে রাখা ১৬টি পাখি উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। এ ঘটনায় মো. ইব্রাহীম (৩৬) ও মাহিদুল ইসলাম (১৮) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের বিবরণ
মঙ্গলবার (১৬ জুন) পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে এসব পাখি উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার বিকালে বন অধিদফতরের একজন পরিদর্শক জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে জানান, টঙ্গী পূর্ব থানার ব্রাইট মডেল স্কুলসংলগ্ন আরিচপুর রোডের একটি বাড়িতে অনলাইনে বিক্রির উদ্দেশে বিপুলসংখ্যক পাখি রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।
অভিযানের সময় নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি পুলিশি সহায়তা চান। খবর পেয়ে ৯৯৯ নম্বর কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় জানায়। পরে টঙ্গী পূর্ব থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে বন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত পাখি ও গ্রেফতার
অভিযানে ১৫টি ময়না পাখি ও একটি টিয়া পাখি উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. ইব্রাহীম ও মাহিদুল ইসলাম নামের দুজনকে গ্রেফতার করা হয়।



