ব্যক্তিগত তথ্য বিক্রির অ্যাপ নির্মাতা গ্রেপ্তার
ব্যক্তিগত তথ্য বিক্রির অ্যাপ নির্মাতা গ্রেপ্তার

নাগরিকদের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মুঠোফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আরমান হোসেন (২২)। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। সিআইডি জানায়, গত বছরের ৯ অক্টোবর সাইবার মনিটরিং সেলের নিয়মিত নজরদারির সময় ‘সিয়াম হাওলাদার’ নামের একটি ফেসবুক আইডি শনাক্ত হয়। এ আইডিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ব্যাংকিংসহ নাগরিকদের বিভিন্ন সংবেদনশীল তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল।

প্রাথমিক গ্রেপ্তার

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বছরের ১৩ অক্টোবর রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে কমলনগর থানা এলাকা থেকে মো. সিয়াম হাওলাদারকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে অপরাধে ব্যবহৃত মুঠোফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয় এবং তাঁর ফোনে ‘সব এখানে’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও আরও গ্রেপ্তার

সিআইডি জানায়, সিয়ামকে গ্রেপ্তারের পর গত ১৪ অক্টোবর সিআইডির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে পল্টন মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। তাঁর তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর খুলনার কয়রা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের অন্যতম অ্যাডমিন মো. আল আমিনকে (২৩)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তিনি শুধু বিপণন দেখতেন। কিন্তু এই পুরো সিস্টেম এবং অ্যাপটি তৈরি করেছে এক দক্ষ প্রোগ্রামার। পরে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গত মঙ্গলবার সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল মো. আরমান হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার উত্তর রহিমপুরে।

অ্যাপ ও ওয়েবসাইট তৈরি

সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, আরমান হোসেন প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপিংয়ের কাজে খুবই দক্ষ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি আল আমিনের নির্দেশনা অনুসারে (sobakhane.xyz, sobakhane.online, sobakhane.info) ওয়েবসাইটগুলো তৈরি করেন।

চক্রটি ‘সব এখানে’ নামে একটি অ্যাপ তৈরি করে সহযোগীদের সহায়তায় নাগরিকদের অতিসংবেদনশীল তথ্য সংগ্রহ করত। পরে এনআইডি, ব্যাংক হিসাব ও মামলার বিবরণের মতো ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করত।

তথ্য সংগ্রহের পদ্ধতি

জিজ্ঞাসাবাদে সিআইডি কর্মকর্তাদের তিনি আরও বলেন, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নাগরিকদের গোপনীয় সংবেদনশীল যেসব তথ্য বিক্রি করা হয়, সেগুলো জাতীয় গোপনীয় ডেটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়। একটি সংঘবদ্ধ চক্র এসব গোপনীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ করে।

সিআইডি জানায়, ওই চক্রের কয়েকজনের সঙ্গে আসামির হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আরমানকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সিআইডি সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণামূলক অনলাইন অফার থেকে সতর্ক থাকার জন্য নিয়মিত পরামর্শ দিয়েছে।