রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, চারঘাট-বাঘা উপজেলায় কোনো রাস্তা কাঁচা থাকবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যেই পদ্মার দুর্গম চরে বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় বক্তব্য
সোমবার (৬ জুলাই) সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চারঘাট-বাঘার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, শিক্ষা উপকরণ সরবরাহ, লাইব্রেরি স্থাপনসহ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম, চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশিদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট এবং ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।
র্যালি ও অন্যান্য কার্যক্রম
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।



