কারণ ছাড়াই দ্বিগুণ দাম, সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ার লেনদেন স্থগিত
কারণ ছাড়াই দ্বিগুণ দাম, সোনারগাঁও টেক্সটাইলসের লেনদেন স্থগিত

সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। এদিন প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা ৮ টাকা বেড়ে হয়েছে সাড়ে ৮৭ টাকা।

লেনদেন স্থগিত

এক মাসের বেশি সময় ধরে কোনো কারণ ছাড়া কোম্পানিটির শেয়ারের একটানা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় আজ বাজারে এটি শেয়ারের লেনদেন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। ডিএসইর পক্ষ থেকে লেনদেন চলাকালে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিএসই জানিয়েছে, আজ লেনদেন শুরুর পর কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হওয়ায় দিনের বাকি সময়ের জন্য লেনদেন স্থগিত করা হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১০ মে ঢাকার বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪ টাকা। আজ লেনদেনের শুরুতে সেই দাম বেড়ে দাঁড়ায় সাড়ে ৮৭ টাকায়। এই সময়ে লেনদেন হয়েছে ২৩ দিন। সেই হিসাবে এক মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৫৩ টাকা বা দেড় শ শতাংশের বেশি বেড়েছে। অর্থাৎ ২৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এ অবস্থায় আজ লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয় ডিএসই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএসইসির নেতৃত্ব পরিবর্তন ও নির্দেশনা

৪ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব বদল হয়। সরকার বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন মাসুদ খানকে। পাশাপাশি আরও তিনজন কমিশনার নিয়োগ দেওয়া হয়। ওই দিনই তাঁরা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই ওই দিন সাংবাদিক সম্মেলনে বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান ঘোষণা দিয়েছিলেন বাজারের কারসাজিকারকদের বিরুদ্ধে কমিশন রিয়েল টাইম বা প্রকৃত সময়ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান বলেন, কারসাজিকারকদের আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শাস্তির মুখোমুখি হবে এবং সেটি হবে রিয়েল টাইম–ব্যবস্থা। কারসাজি নিয়ন্ত্রণে জেড শ্রেণিভুক্ত কোম্পানির ওপর শুরু থেকে বিশেষ নজরদারি করা হবে। বিএসইসির সব ধরনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকবে বিনিয়োগকারীদের সুরক্ষা।

দায়িত্ব গ্রহণের পর বিএসইসির নবনিযুক্ত কমিশন ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে নির্দেশনা দেওয়া হয় দুর্বল মানের যেসব কোম্পানির শেয়ারের দাম কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া অস্বাভাবিকভাবে বাড়বে, সেগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এসব শেয়ারের লেনদেন স্থগিত করে মূল্যবৃদ্ধির কারণ দ্রুততার সঙ্গে খতিয়ে দেখতে হবে। বিএসইসির ওই নির্দেশনার পর দুর্বল মানের যেসব কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে, সেসব কোম্পানির শেয়ার লেনদেন তাৎক্ষণিকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিচ্ছে ডিএসই। তারই অংশ হিসেবে আজ সোনারগাঁও টেক্সটাইলসের লেনদেন স্থগিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্যামপুর সুগার মিলসের শেয়ারের লেনদেনও তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছিল। অবশ্য পরবর্তী কার্যদিবসে আবার সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

কোম্পানির আর্থিক অবস্থা

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, কারসাজি ছাড়া দুর্বল মানের কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। তাই এ ধরনের কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।

বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলস লোকসানি একটি কোম্পানি। সর্বশেষ গত জুলাই-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ৫০ লাখ টাকার বেশি লোকসান করেছে। গত বছরের জুনে সমাপ্ত সর্বশেষ আর্থিক বছর কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল ২ কোটি টাকার বেশি। এ কারণে গত অর্থবছর শেষে কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। বর্তমানে কোম্পানিটি শেয়ারবাজারে ‘বি’ শ্রেণিভুক্ত।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি স্বল্প মূলধনি একটি কোম্পানি। এটির পরিশোধিত মূলধন ২৬ কোটি টাকা। আর শেয়ারসংখ্যা ২ কোটি ৬৪ লাখের বেশি, যার ৪০ শতাংশের বেশি রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ফলে বাজারে এটির লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ কম। আর এটিকেই সুযোগ হিসেবে কাজে লাগান কারসাজিকারকেরা। লেনদেনযোগ্য শেয়ার কম থাকায় অল্প কিছু শেয়ার কিনে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটান কারসাজিকারকেরা।