সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক হানিফ নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. হানিফ মিয়া (২৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ সময় পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নিহত যুবকের চাচা মো. বেলাল হোসেন।

দুর্ঘটনার বিবরণ

নিহত হানিফের পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পারি জমান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ায় দাদীর নামে ওমরা আদায় করতে যান হানিফ। ওমরা শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

হানিফের চাচা বেলাল হোসেন জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এ সময় তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের শোক

দুর্ঘটনার পরপরই আমরা মৃত্যুর খবর পাই। তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বলে জানান বেলাল হোসেন।

স্বজনরা জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন পরিবারে সবার বড়। এক মাস পর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে বিষাদে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত হানিফের আত্মীয়স্বজনেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ