আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশেও প্রভাব
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশেও প্রভাব

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে আশাবাদের প্রভাবে সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৫.৪৯ মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৫ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতামত

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন-তেহরান সমঝোতার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, 'ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদ এখনও অব্যাহত রয়েছে। এই খবর আপাতত স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।'

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছিল। তবে সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দামের ওঠানামা ও সুদের হার নিয়ে প্রত্যাশা বদলানোর কারণে বাজারে নতুন গতি এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য মূল্যবান ধাতুর দাম

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮ দশমিক ১৬ ডলারে উঠেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশীয় বাজারে প্রভাব

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বর্তমানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।