চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে ১ লাখ ৫ হাজার পিস উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীতে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় এক লাখ পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মে) রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করেছিল তারা। গ্রেফতারকৃতরা হলো- শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

পুলিশের বক্তব্য

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুই ব্যক্তি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে থানার এসআই কাজী মনিরুল করিম চৌধুরীর নেতৃত্বে একটি দল নগরীর নতুন ব্রিজঘাট এলাকায় মেরিনার্স রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তল্লাশি চলাকালে কক্সবাজার দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক কৌশলে গাড়িটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ব্রিকফিল্ড রোডের একটি কালভার্টের ওপর গাড়িটি আটক করতে সক্ষম হন। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা

ওসি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে কাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ