ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিমি যানজট, ঈদযাত্রায় ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৭ কিমি যানজট, ঈদযাত্রায় ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় প্রায় ২৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। আবার মাঝে মধ্যেই গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যমুনা সেতুর পূর্বপাড় টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়। এর আগে রাতেও এই সড়কের মির্জাপুর থেকে সেতুর টোলপ্লাজা পর্যন্ত কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রার ঘরমুখো মানুষ। এই সময়ে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়ে গেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৌচাক থেকে আসা পাবনাগামী আফাজ মিয়া বলেন, ‘চন্দ্রা থেকে যানবাহনে ধীরগতি রয়েছে। টাঙ্গাইল থেকে যানজট। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা। পৌলিতে এসেও আটকে আছি।’

মোন্নাফ মিয়া বলেন, ‘কোনও বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।’

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপে মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিট থেকে এক ঘণ্টা ৪০ মিনিট ও এবং বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুই দফায় একমুখী যানবাহন চলাচল করা হয়। এ ছাড়া সেতুতে রাত ১২টা থেকে এখন পর্যন্ত ৫টি গাড়ি বিকল হয়।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা জটলা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে ধীর গতিতে চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ