গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক এলাকায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (২০ মে) দুপুর থেকে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শ্রমিকরা এই কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের দাবি কী?
পুলিশ ও শ্রমিকরা জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শ্রমিকরা চলতি মাসের অর্ধেক বেতন ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার বাইরে মূল ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারখানার মূল ফটকে শ্রমিকরা অবস্থান করছেন।
শ্রমিকদের বক্তব্য
কারখানার অপারেটর মো. মাসুদ রানা জানান, কিছুদিন যাবত কারখানা কর্তৃপক্ষকে বাৎসরিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও মে মাসের অর্ধেক বেতন ঈদের আগে পরিশোধের দাবি করলেও কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া নেই। একপর্যায়ে শ্রমিকরা বাধ্য হয়ে কারখানার সামনে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন।
কারখানা কর্তৃপক্ষের অবস্থান
কারখানার পিএম রাসেল মাহমুদ বলেন, শ্রমিকরা চলতি মাসের অর্ধেক বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে।
পুলিশের ভূমিকা
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিক, পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।



