সরকার টাকা ছাপছে না, বাস্তবতা ভিন্ন: তিতুমীর
সরকার টাকা ছাপছে না, বাস্তবতা ভিন্ন: তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার টাকা ছাপাচ্ছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমান সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা চালুর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রাক্-বাজেট ছায়া সংসদে বক্তব্য

শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক্-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।

অতীতের অর্থনৈতিক সংকট ও বর্তমান পদক্ষেপ

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সময়ে মানুষের আয় সংকুচিত হয়ে পড়েছিল। পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে নিম্নমধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। এতে সমাজের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণিতে বড় ধরনের চাপ ও ভাঙন তৈরি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, আগের সময়ে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পুঁজি পাননি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমেও হস্তক্ষেপ করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার কোনো খাতকে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে দিতে চায় না; বরং অর্থনীতির গণতন্ত্রায়ণের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

উপদেষ্টা আরও বলেন, অতীতে অবকাঠামোগত উন্নয়নের নামে বিপুল পরিমাণ বিদেশি ঋণ নেওয়া হয়েছে এবং তথ্য জালিয়াতির মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মূল্যস্ফীতি ও বাজেট চ্যালেঞ্জ

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি ও উৎপাদন খরচ বেড়েছে। ফলে দ্রব্যমূল্যও বেড়েছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সীমিত আয়ের ও নিম্নমধ্যবিত্ত মানুষের ওপর।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা করাই আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রাক্-বাজেট ছায়া সংসদ প্রতিযোগিতা

প্রাক্-বাজেট ছায়া সংসদ প্রতিযোগিতায় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর বিতার্কিকেরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।