এবার কোরবানির ঈদুল আজহা সামনে রেখে এখন পর্যন্ত দেশের মসলার বাজার স্থিতিশীল রয়েছে। সাধারণত এ সময়ে চাহিদা বাড়ায় দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার কিছু গুরুত্বপূর্ণ মসলার দাম গত বছরের তুলনায় কিছুটা কম, আবার কিছু স্থিতিশীল রয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দামে বড় পার্থক্য দেখা যাচ্ছে।
পাইকারি ও খুচরা বাজারের চিত্র
পাইকারি ও খুচরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাচ, লবঙ্গ ও দারুচিনিসহ বেশ কিছু মসলার দাম গত বছরের তুলনায় কমেছে। যেমন সাদা এলাচ পাঁচ হাজার ৫০০ টাকা থেকে কমে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দারুচিনি ও লবঙ্গের দামও অনেকটা কমেছে। জিরার সরবরাহ পর্যাপ্ত থাকলেও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দামে কিছুটা ওঠানামা করতে পারে। তবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা পর্যায়ে কেজিতে ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে। সবমিলিয়ে পর্যাপ্ত আমদানি ও মজুতের কারণে এবার দাম বাড়ার আশঙ্কা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা।
মসলা আমদানি কমেছে
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার মসলা আমদানি কমেছে। তবু বাজারে সংকট নেই। আছে পর্যাপ্ত মজুত। স্বাভাবিক আছে সরবরাহ। ফলে ঈদুল আজহা সামনে রেখে এবার দেশে মসলার কোনও সংকট হবে না। এমনকি দাম বাড়ারও শঙ্কা নেই।
আমদানিকারকরা বলছেন, বৈশ্বিক উত্তেজনা ও যুদ্ধজনিত পরিস্থিতি বিরাজ করলেও মসলা সরবরাহ ঠিক আছে। ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম ও ভারত থেকে নিয়মিত মসলা আমদানি করা হয়। পাশাপাশি বিদ্যমান মজুত ঠিক আছে। তবে খুচরা বাজারের দাম পাইকারি বাজার খাতুনগঞ্জের তুলনায় অনেক বেশি।
কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, এবার চোরাই পথে ভারত থেকে মসলা আসছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব মসলা আসায় আমদানিকারকরা বেকায়দায় পড়েন।
চট্টগ্রাম কাস্টমসের তথ্য
চট্টগ্রাম কাস্টমস হাউজের দেওয়া তথ্যেও উঠে এসেছে এর কিছু চিত্র। যেখানে মসলার আমদানি গত বছরের তুলনায় বাড়ার কথা সেখানে বরং কিছু পণ্যের আমদানি কমেছে। আমদানি কমায় রাজস্বও কমেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউজের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫-এর ২৭ এপ্রিল পর্যন্ত দারুচিনি আমদানি হয়েছে ১০ হাজার ৬১১ মেট্রিক টন। যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ১১৮ কোটি ২৯ লাখ টাকা। একই বছর এক লাখ ৩৫ হাজার ১৫৮ মেট্রিক টন রসুন আমদানি বাবদ সরকার রাজস্ব পেয়েছে ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। এক হাজার ৮৯৩ মেট্রিক টন এলাচ আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে ১০৬ কোটি ৮০ লাখ টাকা। তিন হাজার ৯৩৮ মেট্রিক টন জিরা থেকে রাজস্ব এসেছে ৮৯ কোটি ৯২ লাখ টাকা। দুই হাজার ১৮০ মেট্রিক টন লবঙ্গ আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে ৫৭ কোটি টাকা। এক হাজার ১৬৯ মেট্রিক টন গোলমরিচ থেকে রাজস্ব আদায় হয়েছে ২৯ কোটি ২৬ লাখ টাকা। ৩৮ হাজার ৫৪৭ মেট্রিক টন আদা থেকে রাজস্ব এসেছে ২৬ কোটি ৮৯ লাখ টাকা। ৩০৪ মেট্রিক টন জয়ত্রী থেকে রাজস্ব আদায় হয়েছে ছয় কোটি ১৩ লাখ টাকা। ১৬ হাজার ৬১০ মেট্রিক টন পেঁয়াজ থেকে রাজস্ব এসেছে পাঁচ কোটি ৮১ লাখ টাকা। চার হাজার ৭৭৮ মেট্রিক টন হলুদ থেকে রাজস্ব আদায় হয়েছে চার কোটি ২১ লাখ টাকা। ৩৩২ মেট্রিক টন জায়ফল থেকে রাজস্ব এসেছে এক কোটি ১৬ লাখ টাকা এবং ১২৫ মেট্রিক টন মরিচ থেকে রাজস্ব আসে ৪৩ লাখ টাকা।
২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬-এর ২৭ এপ্রিল পর্যন্ত মসলা আমদানির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ১২ হাজার ৫৩৪ মেট্রিক টন দারুচিনি আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে ১৪৩ কোটি ৩৭ লাখ টাকা। ৬৯ হাজার ৫৫৯ মেট্রিক টন রসুন আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে ৪০ কোটি নয় লাখ টাকা। এক হাজার ৯৮ মেট্রিক টন এলাচ আমদানি থেকে রাজস্ব আদায় হয় ৭২ কোটি ৯৫ লাখ টাকা। দুই হাজার ৭৯৩ মেট্রিক টন জিরা আমদানি থেকে রাজস্ব এসেছে ৬৪ কোটি ৬৪ লাখ টাকা। এক হাজার ২৫৭ মেট্রিক টন লবঙ্গ আমদানি থেকে রাজস্ব আসে ৩৩ কোটি ৪৯ লাখ টাকা। দুই হাজার ৩২১ মেট্রিক টন গোলমরিচ আমদানি থেকে রাজস্ব এসেছে ৫৩ কোটি ২৫ লাখ টাকা। ৬২ হাজার ৩৯৪ মেট্রিক টন আদা আমদানি থেকে রাজস্ব আদায় হয় ৩৩ কোটি ৮২ লাখ টাকা। ৩৪৫ মেট্রিক টন জয়ত্রী আমদানি থেকে রাজস্ব আসে সাত কোটি ১১ লাখ টাকা। ৭৪ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি থেকে রাজস্ব আসে তিন লাখ টাকা। ৭৫৩ মেট্রিক টন হলুদ আমদানি থেকে রাজস্ব আসে ছয় কোটি ৮২ লাখ টাকা। ৩৪৬ মেট্রিক টন জায়ফল আমদানি থেকে রাজস্ব আসে এক কোটি ১৭ লাখ টাকা ও ৮৬ মেট্রিক টন মরিচ আমদানি থেকে রাজস্ব আসে ৩৩ লাখ টাকা।
আমদানি কমেছে যেসব পণ্যের
গত বছরের আমদানির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আগের বছর রসুন আমদানি হয়েছে এক লাখ ৩৫ হাজার ১৫৮ মেট্রিক টন। চলতি বছর আমদানি হয়েছে ৬৯ হাজার ৫৫৯ মেট্রিক টন। গত বছরের তুলনায় আমদানি কমেছে ৬৩ দশমিক ৫ শতাংশ। আগের বছর এলাচ আমদানি হয়েছে এক হাজার ৮৯৩ মেট্রিক টন। এবার হয়েছে এক হাজার ৯৮ মেট্রিক টন। আমদানি কমেছে ৩১ দশমিক ৭ শতাংশ। গত বছর জিরা আমদানি হয়েছিল তিন হাজার ৯৩৮ মেট্রিক টন। এবার তা কমে আমদানি হয় দুই হাজার ৭৯৩ মেট্রিক টন। এবার আমদানি কমেছে ২৮ দশমিক ১ শতাংশ। গত বছর লবঙ্গ আমদানি হয়েছিল দুই হাজার ১৮০ মেট্রিক টন। এবার হয়েছে এক হাজার ২৫৭ মেট্রিক টন। আমদানি কমেছে ৪১ দশমিক ২ শতাংশ। গত বছর পেঁয়াজ আমদানি হয়েছিল ১৬ হাজার ৫১০ মেট্রিক টন। আগের বছর মরিচ আমদানি হয় ১২৫ মেট্রিক টন। এবার আমদানি হয় ৮৬ মেট্রিক টন। আমদানি কমেছে ২৩ দশমিক ২ শতাংশ। কাস্টমস কর্মকর্তারা বলছেন, নিত্যপণ্যের ক্ষেত্রে সাধারণত প্রতি বছর ১০-১২ শতাংশ আমদানি বাড়ে। গত বছর যে পরিমাণ মসলার চাহিদা ছিল এ বছর তার চেয়ে কমপক্ষে ১০ শতাংশ বেশি বিক্রি হওয়ার কথা। কিন্তু আমদানি দেখলে বোঝা যায় তা আগের চাহিদার চেয়ে কমেছে।
পাইকারি বাজারের চেয়ে খুচরা দামে অনেক পার্থক্য
খাতুনগঞ্জ ও নগরীর খুচরা বাজারের দর বিশ্লেষণ করে দেখা যায়, পাইকারি বাজারে ৭৫০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি জায়ফল খুচরা বাজারে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে ৩৫০-৪০০ টাকার দারুচিনি খুচরায় ৬০০ টাকা এবং এক হাজার টাকার গোলমরিচ এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এলাচ ও জিরার দামে ব্যবধান আরও বেশি। পাইকারিতে চার হাজার টাকায় বিক্রি হওয়া এলাচ খুচরা বাজারে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজি প্রতি এক হাজার টাকা বেশি দিচ্ছেন ক্রেতারা। পাইকারিতে ১৮০ টাকার আস্ত হলুদ খুচরায় ৩০০ টাকা এবং ২৩০ টাকার মরিচ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া রসুন পাইকারিতে ৬০-৭০ টাকা এবং চীন থেকে আমদানি করা রসুন ১১২ টাকায় বিক্রি হলেও খুচরায় তা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৯০ থেকে ১৫০ টাকার আদা খুচরায় ১৬০ থেকে ২০০ টাকা এবং পাইকারিতে ২৭ থেকে ৩৭ টাকার পেঁয়াজ খুচরা বাজারে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা যা বলছেন
খাতুনগঞ্জের মসলা ব্যবসায়ী মেসার্স আইমন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমদানি কমলেও বাজারে মসলার সংকট নেই। কোনও কোনও মসলার আমদানি গত বছরের তুলনায় এবার কমেছে। দামও কমেছে। সীমান্ত উন্মুক্ত থাকায় অবৈধপথে মসলা আসছে। এক কেজি জিরা বৈধভাবে আমদানি করলে সরকারকে রাজস্ব দিতে হয় ৩০০-৩৫০ টাকা। এককেজি এলাচে শুল্ক দিতে হয় এক হাজার ৭৫০ টাকা পর্যন্ত। কিন্তু যারা চোরাই পথে আনছে তাদের বর্ডার খরচ দিতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা। অবৈধপথে মসলা আসায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।’
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মিয়া বলেন, ‘বর্তমানে বাজারে পেঁয়াজের চাহিদা কিছুটা কম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩৭ টাকা পর্যন্ত। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। একইভাবে আদা ও রসুনের দাম গত সপ্তাহের তুলনায় ৫-৬ টাকা বেড়েছে। তবে পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং পাইপলাইনেও পর্যাপ্ত পণ্য আছে।’
যা বলছে কাস্টমস
চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিয়ে ১২ ধরনের মসলাজাতীয় পণ্য আমদানি হয়। ২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১২ ক্যাটাগরির মসলা মিলে আমদানি হয়েছিল দুই লাখ ১৫ হাজার ৫৪৫ টন। ২০২৫-২৬ অর্থবছরে একই সময়ে আমদানি হয় এক লাখ ৫৩ হাজার ৫৬০ দশমিক ৫ টন। গত অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৫৫৫ কোটি ৮৭ লাখ টাকা। এবার রাজস্ব আদায় হয়েছে ৪৫৭ কোটি সাত লাখ টাকা। শতাংশের হিসাবে ১৭ দশমিক ৭৮ শতাংশ কম মসলা আমদানি হয়েছে এবার।’
ভোক্তা অধিদফতর বলছে বাজার স্থিতিশীল
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ বলেন, ‘গত বছরের তুলনায় এবার পেঁয়াজ, রসুন, আদাসহ মসলাজাতীয় পণ্যের দাম স্বাভাবিক আছে। তবে দামে যাতে অস্থিতিশীল না হয়, সেজন্য আমরা তদারকিতে আছি। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’



