বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগাতে হবে; তবে শুধু গাছ লাগালেই হবে না, তার যথাযথ পরিচর্যাও করতে হবে। শুক্রবার (৩ জুলাই) সকালে যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজ হাতে একটি ফলদ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি
প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতিবছর এই কর্মসূচি বিস্তার লাভ করে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।



