রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার। দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং এই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নই দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান এবং সীমিত বিকেন্দ্রীকরণের ফলে পল্লী অবকাঠামো ও গ্রামীণ জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জিত হয়নি।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬
রোববার (৫ জুলাই) ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ধারণ করে আজ প্রথমবারের মতো দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত সব শ্রেণি-পেশার মানুষ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব
রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজিস) অর্জন এবং একটি উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে পল্লী উন্নয়নে একটি দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে।
মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ের জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সংযুক্ত করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা দেশের পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশের গ্রামাঞ্চলের জনমুখী, অংশগ্রহণমূলক, কার্যকর ও টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন করছে।
চলমান কর্মসূচি
স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়ন, যুব ও নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও মানোন্নয়ন, কৃষি ও অকৃষি খাতের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে ইতোমধ্যে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশব্যাপী জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন সরকারের এই উন্নয়ন দর্শনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি পল্লী উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় করবে।
সবার প্রতি আহ্বান
মো. সাহাবুদ্দিন বলেন, ‘আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান করি এবং উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা।’
রাষ্ট্রপতি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।



