নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে মাটি কাটার কাজ বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রীর বক্তব্য
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ফতুল্লায় পদ্মা রেল লাইনের নিচ থেকে মাটি সরানোর বিষয়টি প্রকৃত অর্থে মাটি কাটা নয়। সেতু নির্মাণকাজের সময় প্রয়োজনীয় অবকাঠামো ও অস্থায়ী বাধা তৈরির জন্য সেখানে কিছু অতিরিক্ত মাটি রাখা হয়েছিল। কাজ শেষে সেই মাটির একটি অংশ সরানো হয়।
মাটি সরানোর কারণ
তার ভাষ্য, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই মাটির স্তূপ উঁচু হয়ে যাওয়ায় সেখানে মই ব্যবহার করে চুরি কিংবা চুরির চেষ্টা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাটি সরানোর উদ্যোগ নেওয়া হয়।
তবে বিষয়টি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করায় সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মাটি কাটা বন্ধ করে সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’



