গত সাত দিন দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ, মাছের পোনা, কাঁকড়া ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় আটক করা হয়েছে ১৮৮ জনকে। বৃহস্পতিবার (২৫ জুন) নৌ পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে জব্দ পরিমাণ
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিন নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ি রেণু, ৩০০ কেজি কাঁকড়া, ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। অভিযানকালে নদী থেকে ১০৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
মামলা ও গ্রেফতার
অভিযানের সময় বৈধ কাগজপত্র না পাওয়ায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনের এই অভিযানে ১৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০৪টি মৎস্য আইন, ১৭টি বেপরোয়া গতি আইন, তিনটি বালুমহাল, তিনটি মাদক, তিনটি চাঁদাবাজি, দুইটি ডাকাতি, একটি চুরি এবং চারটি হত্যাসহ ১৪৩টি মামলা দায়ের করা হয়।
জব্দ জাল ও চিংড়ি ধ্বংস
অভিযানে জব্দ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত ও অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়।



