কুড়িগ্রাম জেলার সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে, যার ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে দুধকুমার নদের পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে।
পানিবন্দি পরিবার ও নদী ভাঙন
দুধকুমার নদের পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ও রায়গঞ্জ ইউনিয়নের ফান্দেরচর এলাকার নিম্নাঞ্চলের বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব পরিবারের বসতভিটার পানি নামতে শুরু করলেও চারপাশে পানি থাকায় চলাচলে ভোগান্তি চলছে। ফান্দেরচরের বাসিন্দা জামিউল ইসলাম বলেন, 'গ্রামের বেশির ভাগ বসতভিটা উঁচু করা। তাদের বাড়ি-ঘরে পানি ঢোকেনি। কিছু পরিবার সামর্থ্যের অভাবে বসতভিটা উঁচু করতে পারেনি। এমন প্রায় ৩০-৪০টা পরিবারের বসতভিটায় পানি ঢুকছে। তবে আজ (মঙ্গলবার) সকাল থেকে পানি কমতে শুরু করছে।'
উপজেলার বামনডাঙা ইউনিয়নের মালিয়ানিরপার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অসম্পন্ন অংশ দিয়ে তীরসংরক্ষণ কাজের জিও ব্যাগের স্তূপ উপচে তীরবর্তী কৃষিজমিতে পানি প্রবেশ করেছে। পাউবো জানায়, স্থানীয়দের বাধা ও ভূমি অধিগ্রহণ জটিলতায় বাঁধটির প্রায় ৩০০ মিটার অংশের কাজ শেষ করা সম্ভব হয়নি। ওই অংশে বাঁধ না থাকায় পানি তীর উপচে কৃষিজমিতে প্রবেশ করেছে।
কৃষি ফসলের ক্ষতি
পানি বৃদ্ধি পেয়ে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি, তিলাই, চর ভূরুঙ্গামারী, পাইকেরছড়া, সোনাহাট ও আন্ধারিরঝাড় ইউনিয়ন এবং নাগেশ্বরী উপজেলার বামনডাঙা, কেদার, বল্লবেরখাস ও কালীগঞ্জ ইউনিয়নের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলের আমন বীজতলা, পাট ও সবজিক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। সদর ও রৌমারী উপজেলাতেও একই ধরনের ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, জেলায় ৪৬ হেক্টর সবজিক্ষেত, ৩৬ হেক্টর আমন বীজতলা ও ৮৪ হেক্টর পাটক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। বীজতলা ও সবজি নষ্ট হয়ে গেলে কৃষকদের নতুন করে বীজতলা তৈরি এবং সবজি চাষের উদ্যোগ নিতে বলছে কৃষি বিভাগ। একই সঙ্গে পাটক্ষেতের পানি নেমে গেলে পরিপক্ব পাট কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কিছু বীজতলা ও সবজি নষ্ট হয়ে যাবে। সেগুলো আবার নতুন করে লাগাতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। প্রযোজ্য ক্ষেত্রে প্রণোদনা সহায়তা দেওয়া হবে।'
নদীর পানি ও ভাঙন পরিস্থিতি
পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, জেলার সবকটি নদ-নদীর পানি কমছে। দুধকুমার নদের পানি কমে মঙ্গলবার দুপুর ৩টায় পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়াও ধরলা ও তিস্তার সঙ্গে ব্রহ্মপুত্র নদের পানিও কমতে শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক প্রতিবেদনে জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা সংলগ্ন নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ সময় কুড়িগ্রামের দুধকুমার নদের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
পানি কমলেও জেলায় ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে এসব নদের ভাঙনে অন্তত অর্ধশত পরিবার বসতভিটা হারা হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পাউবো। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, 'নদ-নদীর পানি কমছে। সব নদীতেই ভাঙন রয়েছে। জনগুরুত্ব বিবেচনায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে জনবসতিপূর্ণ এলাকা গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে।'



