নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বস্তার সংকটে এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় সরকারি ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় কৃষকদের মধ্যে।
নতুন বস্তা সরবরাহ পাওয়ার পর মঙ্গলবার (১৬ জুন) দুপুর থেকে ধান সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু হয়। এর আগে গত রোববার দৈনিক যুগান্তরের প্রিন্ট সংস্করণে ‘বস্তা-সংকটে সরকারি ধান ক্রয় বন্ধ, কলমাকান্দায় বিপাকে কৃষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে বস্তা সংকট নিরসন হয় এবং পুনরায় সরকারি ধান ক্রয় কার্যক্রম চালু করা হয়।
লক্ষ্যমাত্রা ও সংগ্রহ
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কলমাকান্দা উপজেলায় কৃষকদের কাছ থেকে ২ হাজার ৩১৯ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা। রোববার পর্যন্ত মাত্র ১৭০ টন ধান সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
কর্মকর্তার বক্তব্য
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুসলিমা বেগম বলেন, নতুন বস্তা হাতে পাওয়ার পর মঙ্গলবার দুপুর থেকে পুনরায় ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করা সম্ভব হবে।
ডেপুটি স্পিকারের ভূমিকা
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত কয়েক দিন ধরে সরকারি ধান ক্রয় কার্যক্রম বন্ধ ছিল। বিষয়টি আমার জানা ছিল না। যুগান্তরে প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। পরে বিষয়টি গুরুত্বসহকারে দেখে তাৎক্ষণিকভাবে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তাদের উদ্যোগে দ্রুত বস্তার ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের স্বার্থে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম যেন নির্বিঘ্নে চলতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।



