মাদারীপুরের শিবচর উপজেলায় আগুনে একটি গোয়ালঘর পুড়ে দুটি গরু মারা গেছে। এ ঘটনায় গোয়ালঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি পাশের বসতঘরেরও আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।
ঘটনার বিবরণ
রবিবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান মোড়ল জানান, তার স্থায়ী বাড়ি শিবচর উপজেলার চরজানাজাত এলাকায়। কয়েক বছর আগে তার বাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ায় বর্তমানে তিনি বন্দরখোলা ইউনিয়নের কাজির সূরা গ্রামে বসবাস করছেন।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি
রাতে গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি আগুনের তাপে পাশের বসতঘরও আংশিক ক্ষতি হয়।
নুরুজ্জামান মোড়ল আরও জানান, মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া ও সহযোগিতার আবেদন
স্থানীয় কাজিরসূরা দরবার শরীফের পীর সাইদুর রহমান আল সুরুজী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, রাতে কাজিরসুরার আগুনের কোনো খবর তিনি পাননি।



