বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকায় অবস্থিত কিরআতুল কুরআন কওমি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
কুকুরের আক্রমণ থেকে উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুকুর গন্ধগোকুলটিকে ধাওয়া করে কামড়াতে থাকে। কুকুরের মুখ থেকে ছুটে প্রাণীটি মাদ্রাসার ভবনে আশ্রয় নেয়। এ সময় মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আহত প্রাণীটিকে উদ্ধার করে সেবাযত্ন করেন। কুকুরের কামড়ে প্রাণীটির লেজের অংশে কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা বন বিভাগকে জানানো হলে উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করেন।
চিকিৎসা ও পুনর্বাসন
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা শেষে সুস্থ হলে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, "প্রাণীটির নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"



