বঙ্গোপসাগরে নিম্নচাপ, ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ছয় বিভাগে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। নিম্নচাপের প্রভাবে দেশের ছয় বিভাগের কোথাও কোথাও আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। এ নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

নিম্নচাপের অবস্থান ও গতিপথ

আবহাওয়া অফিস জানায়, ভারতের উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলের সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

আজ বেলা ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং এর চেয়ে বেশি হলে অতি ভারী বৃষ্টি গণ্য করা হয়। যে ছয় বিভাগের নানা স্থানে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ভারী বৃষ্টি চলার পরও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হলে দেশের বড় শহরগুলো, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে জলজট সৃষ্টি হয়। এবারও ভারী বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধস হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।

তাপপ্রবাহের অবস্থা

গতকাল শনিবার দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ তাপপ্রবাহ নেই। ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু এখন অনেকটাই সক্রিয় এবং পুবালি বাতাসও বইছে আগের চেয়ে বেশি। তাই এখন আগের চেয়ে তাপ কমে গেছে। বৃষ্টি হলে তাপ আরও কমে যেতে পারে।