কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় তার বাড়ির পেছনে পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা গাছ চাষ করার বিষয়টি ফাঁস হয়ে পড়ে।
গোপন সংবাদে পুলিশের অভিযান
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাজেদুল ইসলাম মঞ্জু গোপনে সুপারি বাগানে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত গাঁজা গাছের বর্ণনা
এ সময় তারা মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাগানে রোপণকৃত ৪টি গাঁজা গাছ জব্দ করেন; যার দুটি প্রায় ১২ ফুট উচ্চতার এবং অপর দুটি ২ ফুট উচ্চতার।
অভিযানের পর আসামি পলাতক
তবে অভিযানের খবর টের পেয়ে মাজেদুল ইসলাম মঞ্জু পালিয়ে যায়। সে ওই এলাকার শবেদ আলীর ছেলে। সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।



