প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা: কৃষক কার্ড পাবে ২ কোটি ৭৫ লাখ চাষি, কৃষি ঋণ মওকুফ
কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কৃষকদের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা ও উদ্যোগ
কৃষকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি।" প্রাথমিকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন এ কার্ড জানিয়ে তিনি উল্লেখ করেন, পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ চাষি কৃষক কার্ড পাবেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম বলে তিনি জানান।
কৃষি ঋণ মওকুফ ও কৃষি উন্নয়নের পদক্ষেপ
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন। তিনি কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছেন বলে জানান তিনি।
বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী বলে তিনি উল্লেখ করেন। এখন দেশ পুনর্গঠনের সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।"
খাল খনন ও ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে কৃষক ও কৃষির সুবিধার্থে।" ভূগর্ভস্থ পানির দিকে নজর দিতে হবে বলে তিনি সতর্ক করেন, কারণ এটি কমতে শুরু করেছে। তাই যেনো সেটাকে বাঁচানো যায়, এর উদ্যোগ নেবে সরকার।
এই উদ্যোগগুলোর মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নত করার লক্ষ্য সরকারের রয়েছে বলে তিনি জানান।



