চাঁদপুরের কচুয়ায় মাঠ থেকে ইরি ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক কৃষাণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বড়-হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার ছেলে নারায়ণ চন্দ্র সরকার (৩০) আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কীভাবে ঘটলো দুর্ঘটনা
মৃতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে শুকানো ধান আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ণ। ধান গুছিয়ে নেওয়ার শেষ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে মা ও ছেলে দুজনেই মাঠের মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম।
পরিবারের শোক
মৃত পদ্মা রানী বড়-হায়াতপুর গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশি ব্যবস্থা
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



