মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওর এবং মনু প্রকল্পের ভেতর কাউয়াদিঘি হাওরের ২ হাজার ১৬০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। শনিবার (০২ মে) বিকেল পর্যন্ত বৃষ্টি না কমায় ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছে কৃষি অধিদফতর।
হাওর এলাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি
সদর উপজেলার কাঞ্জার হাওর ও অন্যান্য ছোট হাওরে বোরো ধান ছয় দিন ধরে তলিয়ে আছে। এসব ধান পানির নিচে পচে নষ্ট হচ্ছে। যারা ধান কেটে স্তূপ করে রেখেছেন, সূর্যের আলো না থাকায় সেগুলোতে অঙ্কুর চলে আসছে। চোখের সামনে বোরো ধানের ক্ষতি দেখে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।
শ্রমিক সংকট ও পানি জমে থাকার সমস্যা
কৃষকরা জানিয়েছেন, হাওর এলাকায় শ্রমিক সংকট রয়েছে। জমিতে অতিরিক্ত পানি থাকায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না। শ্রমিক পেলেও অতিরিক্ত পানিতে নেমে ধান কাটতে চায় না। মনু প্রকল্পের ভেতর কাউয়াদিঘি হাওরে বোরো ধান তলিয়ে পচে যাচ্ছে। প্রকল্পের পাম্প সচল না রাখার কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। হাকালুকি হাওরেও পানি বাড়ছে এবং ধান পচে যাচ্ছে।
কৃষকদের বেদনাদায়ক অবস্থা
হাকালুকি হাওর পাড়ের কৃষক খসরু মিয়া, আমজাদ হোসেন ও আলী হোসেন জানান, সারা বছরের হাড়ভাঙা খাটুনির ফসল আজ পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। তারা এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধারদেনা করে বোরো ধান চাষ করেছিলেন। অতিবৃষ্টির কারণে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।
খসরু মিয়া বলেন, 'বেশিরভাগ ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। যেগুলো ওপরে তুলেছি, সেগুলো রোদে দিতে না পারায় অঙ্কুর চলে আসছে। এখন পরিবারের মুখে কী দেবো? সারা বছর কীভাবে চলবো আর কীভাবে ঋণ শোধ করবো, সেই চিন্তায় ঘুম আসে না।'
পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের বক্তব্য
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, 'কাউয়াদিঘির হাওরে বৃষ্টিপাতের কারণে পানি এখনও বাড়ছে। যদি বৃষ্টি কম হয় তাহলে ৫-৬ দিনের মধ্যে পানি কমবে বলে আশা করা যায়। এখন যতটুকু নিষ্কাশন হচ্ছে, তার চেয়ে বেশি পানি আবার চলে আসছে বৃষ্টির কারণে।'
তিনি আরও বলেন, 'ঝড়ের সময় বিদ্যুৎ ছিল না। আটটি পাম্প চালাতে ৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। তবে আড়াই মেগাওয়াট বরাদ্দ পাচ্ছি। এ কারণে আটটি পাম্পের মধ্যে ছয়টি চালাতে হয়।'
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিন শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, 'জেলা সদরসহ সাত উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এ পর্যন্ত ২১৬০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি না কমলে ক্ষয়ক্ষতি দিন দিন বাড়বে। এবার ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। অর্ধেকের বেশি ধান কাটা হয়েছে। বাকিগুলো পানিতে ডুবে গেছে।'
বৃষ্টিপাতের রেকর্ড
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত এপ্রিল মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৪৮৩ মিলিমিটার। তার মধ্যে ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩১৫ মিলিমিটার।'



