ধান তলিয়ে যাওয়ায় কৃষকের মৃত্যু, নাসিরনগরে শোক
ধান তলিয়ে যাওয়ায় কৃষকের মৃত্যু নাসিরনগরে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বন্যায় ধান তলিয়ে যাওয়ায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটার দিকে গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আহাদ মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনার বিবরণ

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আহাদ মিয়া ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধান আবাদ করেছিলেন। গত কয়েক দিনের বৃষ্টিতে তার জমির সব ধান পানিতে তলিয়ে যায়। শনিবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে তিনি জমিতে ধান কাটতে যান। সেখানে গিয়ে দেখেন, তার স্বপ্নের ধান সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। এই দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান এবং সেখানেই মারা যান।

চিকিৎসকের মতামত

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের বক্তব্য

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, 'সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়েছিল আমার ভাই। সব ধান পানিতে তলিয়ে যেতে দেখে স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।'

গোয়ালনগর ইউনিয়নের কৃষক দুধ মিয়া জানান, একই কারণে এলাকার অন্তত তিনজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের চার থেকে পাঁচ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকদের বিশাল ক্ষতি হয়েছে। খলায় রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের শোক

নিহতের ভাতিজা ফারুক মিয়া জানান, ৫০ হাজার টাকা ঋণ করে তার চাচা ছয় বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। সব জমির ধান পানিতে চলে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। সকালে আটটার দিকে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে স্ট্রোক করে জমির আলেই মারা যান।

প্রশাসনের পদক্ষেপ

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল জানান, ঘটনা জানতে পেরে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ওই কৃষকের বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, 'উপজেলায় অনেক কৃষকের জমির ধান গত কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানতে পেরেছি। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাদের নাম ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে সহায়তার ব্যবস্থা করা হবে।'

দুপুরে জোহরের নামাজের পর রামপুর গ্রামে আহাদ মিয়ার লাশ দাফন করা হয়।