ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তাদের তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র জানায়, বিকেলে তারা মোটরসাইকেলযোগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন। তারা ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষেতপুর হাচারির সামনে পৌঁছালে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত অবস্থায় শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।
পুলিশের বক্তব্য
মধুখালী থানার ওসি সুকদেব রায় বলেন, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



