নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলী (রা.)-এর দানবাক্স খুলে এক জোড়া স্বর্ণের দুল পাওয়া গেছে। সঙ্গে ছিল নগদ ৭ হাজার টাকা ও একটি হৃদয়স্পর্শী চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।’
দানবাক্সে মায়ের জন্য দোয়া চেয়ে চিরকুট
বুধবার (২৯ এপ্রিল) মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম জানান, প্রতি দুই মাস অন্তর কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সে রঙিন কাগজে মোড়ানো অবস্থায় স্বর্ণের দুল ও চিরকুটটি পাওয়া যায়। তিনি বলেন, ‘চিরকুটের লেখাটি পড়ে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি। এটি শুধু একটি দান নয় বরং এক সন্তানের মায়ের প্রতি ভালোবাসা ও অসহায়ত্বের প্রকাশ। আমরা স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানতে পারি, এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।’
মসজিদ কমিটির প্রতিক্রিয়া
মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, ‘এই দান আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুধু দানের মূল্য দেখি না, এর পেছনের নিয়তটাই বড়। যিনি দান করেছেন, আল্লাহ যেন তার মায়ের সুস্থতা দান করেন। আমরা সবাই তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করি।’ মসজিদ কমিটির সভাপতি ওমান গনীসহ অন্য সদস্যরা জানান, মসজিদের উন্নয়ন কাজে এই দান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে মসজিদের ওযুখানার ছাদ ঢালাই জরুরি হয়ে পড়েছে। এ জন্য কমিটির পক্ষ থেকে অনুদানের আহ্বানও জানানো হয়েছে।
এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে এই দানকে মায়ের প্রতি সন্তানের ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। মসজিদ কমিটি জানিয়েছে, তারা দানকৃত অর্থ ও স্বর্ণের দুল মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করবেন।



