বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করে বলেছেন, বর্তমান বিএনপি সরকার প্রতিশ্রুতি রাখছে না এবং জনগণের জীবন দুর্বিষহ করে তুলছে। তারা জনগণের পকেট কাটার চেষ্টা করছে বলে মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলের বিবরণ

‘বিদ্যুৎ ও জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত এনসিপির এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলের আয়োজক ছিল দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

সমাবেশে বক্তব্য

বিক্ষোভ মিছিলের আগে বাংলামোটরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুই বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার এক মাসের মাথায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল। এই সরকার আসলে পল্টিবাজির সরকার। তারা সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, আর রাতে আরেক কথা বলে। জনগণ যাবে কোথায়?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি টাকার সংস্থান করতে পারছেন না। এ জন্য আমার গলার ওপর যদি পাড়া দেন, তাহলে আপনার সঙ্গে বাধবে লড়াই।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, নির্বাচনের পর তিনি সে বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এই সরকার লুটপাটের পাহারাদার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরিফুল ইসলাম বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর বলেছিল, বিদ্যুতের দাম দুই বছরের মধ্যে বাড়বে না। কিন্তু তিন মাসের মধ্যেই বিদ্যুতের দাম ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে এমন একজনকে বসানো হয়েছে, যিনি আগে ঋণখেলাপি ছিলেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে এমন একজনকে বসানো হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংক থেকে দুর্নীতির দায়ে পদচ্যুত হয়েছিলেন। এর অর্থ হচ্ছে, সরকার জনগণের কথা চিন্তা না করে ফ্যাসিবাদের সময়ের লুটেরারদের নিয়ে দেশ পরিচালনা করছে। জনগণের পকেট কাটার চেষ্টা করছে।’

অন্যান্য বক্তব্য

এনসিপির যুবসংগঠন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম সমাবেশে বলেন, ‘দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী করার ব্যবস্থা করে দিচ্ছে সরকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে সেই জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলছে তারা। এই প্রতারণার হিসাব জনগণ নেবে কড়ায়-গন্ডায়। জনগণকে বোকা ভাবলে সরকার ভুলের মধ্যে আছে।’

সমাবেশে অন্যদের মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সংগঠক আসাদ বিন রনি, মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের পর বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে গিয়ে শেষ হয়। এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনও এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।