পদ্মা নদীতে ট্রলারডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ
পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর রহমান মিস্ত্রির ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে পাঁচটিকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি স্রোতে ভেসে গেছে।

উদ্ধার অভিযান

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মার সেতুর নিচে ডুবে যায়। দুর্ঘটনার পর ২০ জন ব্যবসায়ীর মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে ২৩টি গরু ভেসে গেছে। নদীতে তীব্র স্রোত এবং আবহাওয়া প্রতিকূলে থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ শুরু হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘ট্রলারডুবির খবর পেয়ে লৌহজং থেকে একটি টিম ঘটনাস্থলে গেলে সেখানে প্রচণ্ড ঢেউ ও বাতাস থাকায় উদ্ধারকাজ করা যায়নি। নদীর স্রোত কমলে উদ্ধারকাজ শুরু হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ