চট্টগ্রামে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত
চট্টগ্রামে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বার আউলিয়া, কুমিরা, বাড়বকুণ্ড ও ছোট দারোগারহাট এলাকায় এসব ঘটনা ঘটে।

বার আউলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় মহাসড়কে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় মো. হারুনুর রশিদ (৫৪) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ছোট কুমিরার হিঙ্গুরী পাড়া গ্রামের মোহররম আলির ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

কুমিরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত

অপরদিকে সকাল সাড়ে ১০টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাজার এলাকায় চট্টগ্রামমুখী গরুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। তিনি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নদুয়ারীয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং মিরসরাইয়ের মির্জা বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানা যায়, নিহত হাসান সহপাঠীদের নিয়ে একটি খোলা মিনি ট্রাকে করে কুমিরাস্থ আলেকদিয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসে। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে মহাসড়কে নামার সঙ্গে সঙ্গে চট্টগ্রামমুখী গরুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বার আউলিয়া ও কুমিরায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক।

দারোগারহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

এদিকে বেলা ১১টার সময় উপজেলার ছোট বারৈয়াঢালা ইউনিয়নের দারোগারহাট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. রুস্তম আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়ারিশ ভূঁইয়া বাড়ির তমিজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাড়বকুণ্ডে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অন্যদিকে একইদিন সকালে উপজেলার বাড়বকুণ্ডের মুছা কলোনী এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। লাশটি দুই রেললাইনের মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে, তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই, মুখে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।