নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা চাল জব্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে আবদুস সামাদ প্রকাশ সামাদ ডাক্তার নামে এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুদ করার অভিযোগ উঠেছে। শনিবার স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে বিকালে উপজেলা প্রশাসন ৯৯ বস্তা চাল জব্দ করে। অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের আমির।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিগত অনেক দিন ধরে ইমানআলী বাজার সংলগ্ন জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়। তিনি ওই চালগুলো বিভিন্ন লোকজনের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে একটি কক্ষে সরকারি চালের প্রায় ৯৯ বস্তা মজুদ দেখতে পান। এক পর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বর থানায় জানানো হয়। সকালে বিষয়টি প্রশাসনকে জানালেও দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর থেকে জামায়াত নেতা সামাদ গা-ঢাকা দিয়েছেন।

অভিযুক্তের বক্তব্য

এ ঘটনায় জামায়াত নেতা আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের পদক্ষেপ

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ