নওগাঁর নিয়ামতপুরে মাত্র ১০০ টাকা ধার নিয়ে বিরোধের জেরে সুনীল পাহান (৪০) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনীল ওই গ্রামের বগা পাহানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক রয়েছেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসেনজিতের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিল সুনীল। অনেক দিন পরও তা ফেরত দেয়নি সুনীল। বৃহস্পতিবার দিবাগত রাতে সুনীল প্রসেনজিতের বাড়িতে চোলাই মদ পান করতে যায়। সেখানে দুজনে মদ পান করেন। নেশা করে বাড়ি ফেরার সময় প্রসেনজিৎ সুনীলের কাছ থেকে ধারের টাকা ফেরত চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
মৃত্যু ও মামলা
খবর পেয়ে গ্রামবাসী তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাঁশের লাঠি দিয়ে আঘাতের ঘটনা নিশ্চিত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত প্রসেনজিৎ কুমার মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা এবং কাঁকসা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।



