পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে ‘মলম পার্টির’ সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় গরু ব্যবসায়ীরা। এরই মধ্যে দুই গরু বিক্রেতা মলম পার্টির খপ্পরে পড়ে ২ লাখ ৪১ হাজার টাকা খুইয়েছেন বলে জানিয়েছেন তারা। বুধবার (১৩ মে) সকালে উপজেলার মারিশ্যা বাজারে এ ঘটনা ঘটে।
কীভাবে প্রতারিত হলেন ব্যবসায়ীরা?
ব্যবসায়ীরা জানান, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা গরু বিক্রেতা ছলিমুল্লাহ ৬১ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি করেন। পরে প্রতারক চক্র কৌশলে তার কাছ থেকে পুরো টাকাই হাতিয়ে নেয়। তিনি বুধবার সকালে প্রতারক চক্রের খপ্পরে পড়ার পর শারীরিকভাবে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ছাড়াও একই কৌশলে অন্য এক গরু বিক্রেতা বিকাশ চাকমার কাছ থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের ধারণা ও ব্যবসায়ীদের বক্তব্য
স্থানীয়দের ধারণা, একটি চক্র ঈদকে সামনে রেখে হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে বিক্রেতাদের টার্গেট করছে। স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, দুই ব্যবসায়ীর কাছ থেকে সবমিলিয়ে দুই লাখ ৪১ হাজার নিয়ে গেছে প্রতারক চক্র। একজনের সন্ধান পেলেও আরেক ব্যবসায়ী বর্তমানে কোথায় আছে আমরা কেউ জানি না।
পুলিশের পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার জানান, এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই আমরা মোবাইল টিম পাঠিয়েছি এবং হাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বাজার কমিটির সঙ্গেও কথা হয়েছে। আগামীতে পুলিশের পাশাপাশি বাজার কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। প্রথম বাজার হওয়ায় এবার পর্যাপ্ত ভলান্টিয়ার দেখা যায়নি, তবে পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয় বাড়ানো হবে।



