যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরীক্ষা কাল, ৬৪ জেলায় অংশ নেবেন ৬০ হাজার
যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং পরীক্ষা কাল, ৬৪ জেলায়

যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরীক্ষা কাল শুক্রবার

দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ষষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা। কাল শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে এই পরীক্ষা, যেখানে অংশ নেবেন প্রায় ৬০ হাজার পরীক্ষার্থী। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির এ ব্যাচে মোট ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন। সেখান থেকে বাছাই করা আবেদনকারীদের নিয়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যোগ্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া

দেশের জেলা শহরগুলোতে একযোগে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, যাঁরা পরবর্তী সময়ে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে এবার দেশের সব জেলায় পৌঁছেছে। এর আগে প্রকল্পটি প্রথমে ১৬ জেলায় এবং পরে ৪৮ জেলায় বাস্তবায়িত হয়। বর্তমানে ১৬ ও ৪৮ জেলা মিলিয়ে দেশের ৬৪ জেলায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এ উদ্যোগের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। মাঠপর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

পরীক্ষার ধাপ ও নির্বাচন প্রক্রিয়া

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবার প্রায় ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থীকে। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১২ থেকে ১৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৭ মার্চ মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলায় ৭৫ জন করে প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচ। এদিকে রাজধানীর কল্যাণপুরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রায় চার হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। এক দিনে এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ এ খাতে একটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রশিক্ষণের সাফল্য ও আয়ের পরিসংখ্যান

যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৮০০ শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ, অর্থাৎ ৬ হাজার ৭৩২ জন প্রশিক্ষণার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন। তাঁদের মোট আয় প্রায় ১৩ লাখ ৫৩ হাজার ৬৩৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৪১৬ টাকার সমপরিমাণ। এর আগে ১৬ জেলায় বাস্তবায়িত পর্যায়ে ৬ হাজার ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ৪ হাজার ৫১৭ জন আয়মুখী কাজে যুক্ত হতে সক্ষম হন, যা ছিল প্রায় ৭০ শতাংশের বেশি সাফল্য। ওই পর্যায়ে মোট আয় হয়েছিল প্রায় ১৫ লাখ ৮১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৭৬ লাখ টাকা।