বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে খরচ কম হয়। প্রাইভেট মেডিক্যালে পড়লে ৪০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এই টাকা রাষ্ট্র আপনাদের জন্য ব্যয় করছে। রাষ্ট্র ব্যয় করে কৃষক, শ্রমিক ও দেশের জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা। জনগণের টাকায় ডাক্তার হয়ে আপনাদের পেশার জায়গা থেকে দায়িত্ব পালন করেন, জনগণকে সেবা দিন। মানবিক দৃষ্টিকোণ থেকে নৈতিক দায়বদ্ধতা নিয়ে কাজ করলে মানুষের দোয়া পাবেন এবং সৃষ্টিকর্তার কাছেও প্রশংসিত হবেন।
মতবিনিময় সভায় বক্তব্য
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হাসপাতাল পরিদর্শন শেষে নুরুল হক নূর আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ওপর সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব ক্ষেত্রে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।
জনবল ও চিকিৎসক সংকট দূরীকরণ
তিনি বলেন, বাংলাদেশের সব হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকট দূর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করছে। জনসাধারণকে হেলথ কার্ড প্রদান ও ই-স্বাস্থ্য সেবাসহ নানাবিধ সুবিধা প্রদান করা হবে। খুব শিগগিরই জনবল নিয়োগের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সমস্যা সমাধান করা হবে।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সব সময়ই ধারণ ক্ষমতার তিনগুণ রোগী থাকায়, রোগীরা প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রেক্ষিতে পটুয়াখালী মেডিক্যাল কলেজের সঙ্গে একটি ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ করার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ব্যক্তিবর্গ
পরিদর্শনকালে পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ, স্থানীয় সরকার উপসচিব জুয়েল রানা, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।



