শ্রমিক শক্তির বাজেট প্রত্যাখ্যান, গণবিরোধী ও শ্রমিকবান্ধব নয় দাবি
শ্রমিক শক্তির বাজেট প্রত্যাখ্যান, গণবিরোধী দাবি

২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের ঘোষিত বাজেটে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। তারা বলেছে, এই বাজেট গণবিরোধী, শ্রমিকবান্ধব নয়। তাই শ্রমিক শক্তি এই বাজেট প্রত্যাখ্যান করছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে শ্রমিক শক্তি। সেখানে এনসিপি ও শ্রমিক শক্তির নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট অনেকে অংশ নেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট কমেছে

সেমিনারে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট গত অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। এটি দেশের বিপুল শ্রমশক্তির উন্নয়ন ও কল্যাণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ নেই

বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী বলেন, বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা ও বিদেশগামী শ্রমিকদের ব্যয় হ্রাসে কার্যকর সুনির্দিষ্ট পরিকল্পনা বা বরাদ্দ নেই।

বাজেটকে ‘হাওয়াই মিঠাই’ বলে মন্তব্য

বাজেটকে ‘হাওয়াই মিঠাইয়ের’ সঙ্গে তুলনা করে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদের বাজেট প্রণয়নের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘সেই কুখ্যাত আবুল বারাকাতের মৌলবাদের অর্থনীতির তত্ত্ব বিএনপির ওপর ভর করেছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিক শক্তির আহ্বায়কের বক্তব্য

সেমিনারে সমাপনী বক্তব্য দেন শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির। তিনি বলেন, এবারের বাজেটে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় প্রতিফলন দেখা যায়নি। এই বাজেট শ্রমিকবান্ধব নয় এবং গণবিরোধী। তাই শ্রমিক শক্তি এই বাজেট প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ, অধিকার ও কল্যাণ নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিক-কৃষক-জনগণের অংশগ্রহণে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও শ্রমিকবান্ধব অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে হবে।

শ্রমিক শক্তির সদস্যসচিব ঋয়াজ মোর্শেদ, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ আল ফয়সাল প্রমুখ সেমিনারে বক্তব্য দেন।