অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে। সোমবার (২৭ এপ্রিল) ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রকল্পের অগ্রাধিকার
আমির খসরু বলেন, “ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রাধিকার পাবে। প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোট খাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ এক শতাংশও না। পাইলট কার্যক্রমে এরই মধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কি না, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
মানবিক উদ্যোগ
তিনি বলেন, “ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয় বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।”
বাজেট বরাদ্দ
প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনও বাধা হবে না উল্লেখ করে তিনি বলেন, “যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে।”



