এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, রাজস্ব লক্ষ্য অর্জন সম্ভব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণের প্রথম দিনে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রত্যয়

আহসান হাবিব বলেন, "সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। সে জন্য সবাই মিলে কাজ করতে হবে।" তিনি এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, আগামী অর্থবছরের বাজেটে এনবিআরের জন্য ছয় লাখ চার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণ ও কর্মকর্তাদের স্বাগত

আজ সকালে তিনি প্রথমে সচিবালয়ে গিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পরে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআর কার্যালয়ে আসলে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এনবিআরের অভ্যন্তর থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ করায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এলে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী দায়িত্ব ও নিয়োগ

গতকাল সরকার তাঁকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ