জ্বালানি মূল্য সমন্বয়ে এলপিজি দাম কমানো হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে: প্রতিমন্ত্রী
জ্বালানি মূল্য সমন্বয়ে এলপিজি দাম কমানো হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানো হবে

বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার ইতোমধ্যে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে অন্যান্য জ্বালানির দামও কমিয়ে জনগণকে আরও স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার জ্বালানির মূল্য সমন্বয় করছে। সম্প্রতি এলপিজির দামে উল্লেখযোগ্য সমন্বয় করা হয়েছে, যা সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও সুযোগ তৈরি হলে পর্যায়ক্রমে জ্বালানির দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলপিজি আমদানি ও বাজার পরিস্থিতি

তিনি জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই আমদানি করতে হয় এবং এ খাত পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব দেশের ভোক্তাদের ওপরও পড়েছে।

বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চলমান গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগ নিষ্পত্তিতে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে এবং দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।