বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎকেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন।
দেশীয় সম্পদ আহরণের অঙ্গীকার
মন্ত্রী বলেন, 'দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশে শাসন করেছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভরতার ব্যবস্থা করেছিল। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে, সেই সম্পদ আহরণ করতে চাই। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব? কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্র করে আমরা নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, সে জন্য আমরা বসেছিলাম।'
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সমস্যা
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র কেন পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে। আমাদের সরকারের আমলে আমরা চেষ্টা করছি তিনটি (ইউনিট) একসঙ্গে চালানোর জন্য।'
এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। পরে জ্বালানিমন্ত্রী মধ্যপাড়া পাথরখনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন এবং বিদ্যমান সমস্যা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।



