দেশের উড়োজাহাজ বহরে ‘আন্তর্জাতিক মানের’ উড়োজাহাজ যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
চুক্তির বিস্তারিত
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যেই ১৪টি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের জন্য স্বাক্ষর করেছি। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও, আন্তর্জাতিক বিমান আছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতোমধ্যেই ১৪টি বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব।’
অব্যবহৃত বিমানবন্দর পুনরুদ্ধার
তিনি আরও বলেন, ‘আর অব্যবহৃত বিমানবন্দরগুলো আমরা নতুন করে মেরামত করে সেগুলোকে অভ্যন্তরীণ রুট হিসেবে চালু করব।’
পর্যটন ও ডিসি সম্মেলন
সোমবারের ডিসি সম্মেলনের আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলোকে কীভাবে ব্যবহার করা যায়, সে সম্বন্ধে তাদের বলা হয়েছে এবং সেগুলো উন্নত করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কী কী কাজ করছি, সেগুলো তাদের জানানো হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পর্যটন সম্বন্ধে অনেক কথা হয়েছে, বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলো নিয়ে আমরা সম্মিলিতভাবে কীভাবে কাজ করতে পারি।’
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
এছাড়াও চলতি বছরের ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।



