দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়।
ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত
বৈঠকে শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহে ঝুঁকি মোকাবিলা
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। সরকারের লক্ষ্য হলো দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।
এই ডিজেল আমদানির মাধ্যমে সরকার দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে চায়। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি ক্রয় কমিটির এই সিদ্ধান্ত দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



