যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষুদ্র পারমাণবিক চুল্লি স্থাপনের উদ্যোগে বড় অগ্রগতি হয়েছে। একটি মার্কিন স্টার্টআপ কোম্পানি এই খাতে গুরুত্বপূর্ণ একটি ধাপ সফলভাবে অতিক্রম করেছে। আগামী কয়েক বছরের মধ্যে এই চুল্লি মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য কৌশলগত স্থানে বসানো যাবে বলে আশা করা হচ্ছে।
অ্যান্টারেসের সাফল্য
স্টার্টআপ কোম্পানি অ্যান্টারেস বৃহস্পতিবার জানিয়েছে, তারা তাদের ‘মার্ক-০’ প্রোটোটাইপে ‘ইনিশিয়াল ক্রিটিক্যালিটি’ অর্জন করেছে। এর অর্থ হলো চুল্লিটিতে একটি নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে চলমান ফিশন বিক্রিয়া সফলভাবে শুরু হয়েছে, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কোম্পানিটি দাবি করেছে, ক্ষুদ্র চুল্লির ক্ষেত্রে এই সাফল্য অর্জনকারী তারাই প্রথম বেসরকারি প্রতিষ্ঠান।
কম কার্বন জ্বালানির দিকে ঝোঁক
বিভিন্ন দেশ এখন কম কার্বন নির্গমনের জ্বালানি ব্যবস্থায় যাওয়ার পাশাপাশি এই ধরনের ছোট চুল্লির দিকে ঝুঁকছে। অ্যান্টারেসের এই অর্জনকে স্বাগত জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি এটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেছেন।
মার্ক-০ প্রকল্প
মার্ক-০ হলো মার্কিন জ্বালানি বিভাগের বাছাই করা ১১টি মাইক্রোরিঅ্যাক্টর প্রকল্পের একটি। এই প্রকল্পের লক্ষ্য হলো চলতি বছরের ৪ জুলাইয়ের আগে বেশ কয়েকটি মডেলকে ক্রিটিক্যালিটিতে নিয়ে যাওয়া। দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ, কারণ এই দিনেই দেশটি প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী অনুষ্ঠিত হবে।



