জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নীতি অনুসরণ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানিনির্ভরতার কারণে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে নিজ দফতরে সোমবার (১ জুন) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকটের পর বিশ্বের অধিকাংশ আমদানিনির্ভর দেশ জ্বালানির মূল্য সমন্বয় করেছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সেই চাপ সহ্য করে আগের দাম বহাল রেখেছিল।
তিনি বলেন, দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়, দীর্ঘমেয়াদে অর্থনীতি ও সুশাসনের স্বার্থও বিবেচনায় রাখতে হয়।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ সময়ে উল্লেখযোগ্য কোনও নেতিবাচক ঘটনার তথ্য সরকারের কাছে আসেনি।
তিনি বলেন, সম্পাদক, সংবাদপত্র মালিক এবং সাংবাদিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে গণমাধ্যম প্রতিনিধিরা জানিয়েছেন, তারা দীর্ঘ সময় পর কোনও ধরনের সরকারি চাপ বা নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করতে পেরেছেন। সরকারও মনে করে, অবাধ ও স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
সাম্প্রতিক বিভিন্ন মামলা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন ধরনের মামলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এ জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন, এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনও সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে পড়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তিনি বলেন, গণমাধ্যমের কাজ হলো জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের সামনে তুলে ধরা। এ কাজে বাধা সৃষ্টি করা উচিত নয়। বিশেষ করে সরাসরি সম্প্রচার বা লাইভ প্রতিবেদনের মাধ্যমে গণমাধ্যম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার জবাবদিহিতা ও স্বচ্ছতার সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।



